সোমালিয়ায় অনাহারে ২৬ জনের মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০১৭, ০৩:২৬

দক্ষিণ সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত জুব্বাল্যান্ড অঞ্চলে অনাহারে দেড় দিনে অন্তত ২৬ জন মারা গেছেন। কেন্দ্রীয় সরকার পরিচালিত রেডিওর ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে। আফ্রিকার ওই অঞ্চলে খরার কারণে গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে, মাঠের ফসল শুকিয়ে গেছে এবং প্রায় ৬২ লাখ মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে।

জুব্বাল্যান্ডজুড়ে তীব্র খরা চলতে থাকায় শত শত পরিবার সাহায্যের আশায় রাজধানী মোগাদিশুতে চলে গেছে। রেডিওর ওয়েবসাইটে জুব্বাল্যান্ডের সহ-স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হুসেইনের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ‘প্রবল খরায় সোমবার ৩৬ ঘণ্টায় ওইসব লোক মারা যায়। মৃতদের সবাই মধ্য জুব্বার বিভিন্ন ছোট শহর ও গেদো এলাকার বাসিন্দা।

ইত্তেফাক/নূহু