রুশপন্থীদের ৭৫০,০০০ ডলার অনুদান: ট্রাম্পের প্রচারণা শিবির প্রধানের অস্বীকার

আপডেট : ২২ মার্চ ২০১৭, ১২:১০
ইউক্রেনের রুশপন্থীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টকে সাড়ে সাত লাখ ডলার দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, ম্যানাফোর্ট ওই অর্থ প্রাপ্তির বিষয়টি লুকিয়েছেন।
 
ইউক্রেনের এক প্রভাবশালী পার্লামেন্ট সদস্য সেরহি লেশচেঙ্কোর দাবি, ২০০৯ সালে ইউক্রেনের রুশপন্থী একটি রাজনৈতিক দল ম্যানাফোর্টকে সাড়ে সাত লাখ ডলার দিয়েছিল। তবে ম্যানাফোর্টের মুখপাত্র ওই অর্থ প্রাপ্তির বিষয়টি অস্বীকার করে একে ‘ভিত্তিহীন’ বলেছেন। 
 
ওই সময় ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উপদেষ্টা হিসেবে কাজ করতেন ম্যানাফোর্ট। কিন্তু তিনি নগদ অর্থ গ্রহণের ব্যাপারটি পুরোপুরি নাকচ করে দিয়েছেন।
 
তবে মঙ্গলবার ম্যানাফোর্টের স্বাক্ষর করা সাড়ে সাত লাখ ডলারের একটি চালানপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন লেশচেঙ্কো। যেখানে ডেভিস ম্যানাফোর্ট নামক একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। ওই অর্থ বেলিজে রেজিস্ট্রেশন করা একটি অফশোর কোম্পানির কাছ থেকে কিরগিজস্তানের একটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছিল।
IMG0
উল্লেখ্য, ইউক্রেনের রুশপন্থী নেতা ইয়ানুকোভিচের সঙ্গে সংযোগের অভিযোগে ২০১৬ সালের আগস্টে ট্রাম্পের প্রচারণা শিবিরের চেয়ারম্যানের পদ থেকে পল ম্যানাফোর্টকে পদত্যাগে বাধ্য করা হয়। বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের যে কয়েকজন সহযোগীর বিষয়ে ‘রুশ সংযোগের’ অভিযোগে তদন্ত চলছে ম্যানাফোর্ট তাদেরই একজন।
 
সোমবার মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই পরিচালক জেমস কোমি প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্তের কথা নিশ্চিত করেছেন। বিবিসি।