সাঁথিয়ায় হত্যার পর বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৩:২৯
পাবনার সাঁথিয়ায় মঙ্গলবার দিনগত রাতে এক পল্লী চিকিৎসকের বাড়িতে দিন মজুর খুনের ঘটনায় বাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষ। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া গ্রামের পল্লী চিকিৎসক সাইদুর ইসলামে বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন শাহাজাদপুর উপজেলার মুনামারা গ্রামের মৃত গোলাই মোল্লার ছেলে দিন মজুর আতাউর রহমান (৫৫)। ঘটনার দিন সাইদুর রহমান বাড়িতে না থাকায় রাতে কোন এক সময় প্রতিপক্ষরা আতাউরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর বাড়িতে অগ্নিসংযোগ করে একটি  চার চালা টিনের ঘর পুড়িয়ে দেয়। 
 
বুধবার ভোরে স্থানীয়রা বাড়িতে আগুন দেখে পল্লী চিকিৎসককে খবর দেন। তিনি বাড়িতে এসে উঠানে দিন মজুর আতাউর রহমানের লাশ দেখতে পান। পরে সংবাদ পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থ থেকে লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করে।
 
এদিকে  হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে সুজানগর উপজেলার চিনাখড়া গ্রামের মৃত চমন সরদারের ছেলে সালাম কশাইকে (৫২) গ্রেফতার করে পুলিশ।
 
এ ঘটনায় পাবনা সহকারী পুলিশ সুপার (অপরাধ জোন) গৌতম কুমার বিশ্বাস, র‌্যাব-১২ এর উপসহকারী পরিচালক মিজানুর রহমান, পাবনা সদর এএসপি সার্কেল ফিরোজ কবির ও সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে সাইদুল ইসলামের সাথে একই গ্রামের মৃত বাবর আলীর ছেলে খাালেক গংদের বাড়ি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। 
 
এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, এঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।