চলতি বছর জুনে ইংল্যান্ডের অনুষ্ঠিতব্য চ্যালেঞ্জ ট্রফিতে খেলার আশা প্রায় শেষই হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ান পেসার মিশেল স্টার্কের। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝামাঝিতে পায়ের হাড়ে চিড় ধরার কারনে তাকে দেশে ফিরে আসতে হয়। প্রায় দেড় বছর আগে একইধরনের ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন স্টার্ক। পুরোনো ইনজুরি আবারো নতুন করে দেখা দেয়ায় অনেকেই স্টার্কের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল। কিন্তু দেশে ফিরে জানা গেছে ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়। সে কারনেই চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরে আসার স্বপ্ন দেখছেন তারকা এই পেসার।
আগামীকাল বৃহস্পতিবার বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করেই সুস্থতার প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হবেন স্টার্ক। এ সম্পর্কে স্টার্ক বলেছেন, ১৮ মাস আগে যে ধরনের ইনজুরি ছিল এবার সেই ধরনের কিছু নেই। এবারের মাত্রাটাও তত বেশী নয়। সে কারনেই জিমে গিয়ে হালকা অনুশীলন করা যাচ্ছে। তবে আশা করছি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবো।
রাঁচিতে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের শেষ দিনে সতীর্থদের লড়াই করা পারফরমেন্সের প্রশংসা করেছেন ২৭ বছর বয়সী এই পেসার। ম্যাচটি ড্র হওয়ায় বর্তমানে সিরিজে ১-১’এ সমতা বিরাজ করছে। এ সম্পর্কে স্টার্ক বলেছেন, শক্তিশালী ভারতীয়দের বিপক্ষে আমরা একটি দল হিসেবে দারুন খেলেছি। এর ফলে ভারতীয়রা রক্ষনাত্মক কৌশলে খেলতে বাধ্য হয়। প্রথম ম্যাচটি আমরা জিতেছিলাম। ভারতের মাটিতে তাদের পরাজিত করা সহজ নয়।
ইত্তেফাক/রেজা
