আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোটের ধ্বংসাত্মক জ্বালাও পোড়াও রাজনীতির চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তাহলেই আগামী নির্বাচনে নৌকার জয়লাভ অনেকটা নিশ্চিত হবে। আগামী নির্বাচনে জয়লাভের জন্য এখন থেকেই ঘর গোছানোর মতো করে নৌকার জন্য কাজ করার বিকল্প নেই। তাই এখন থেকে নিজেদের সুসংগঠিত হয়ে নৌকার জয়লাভের জন্য একত্রিত হয়ে কাজ করে যেতে হবে।
বুধবার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের এম.পি মমতাজ বেগম, মানিকগঞ্জ-১ আসনের এম.পি এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ ফটো।
সাধারণ সম্পাদক সালামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুভাষ চন্দ্র সরকার, মানিকগঞ্জ সদর শ্রমিক লীগের সভাপতি ইস্রাফিল হোসেন প্রমুখ।
