ওজন বাড়িয়ে অচেনা রণবীর

আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৭:৫৫
সঞ্জয় দত্তের জন্য ওজন বাড়ালেন ঋষি-পুত্র। না! ঠিক সঞ্জয় দত্তের জন্যও নয়। বরং বলা ভাল, সঞ্জয়ের বায়োপিকে তাঁর চরিত্রের সঙ্গে মানানসই হতেই ওজন বাড়িয়েছেন রণবীর কাপুর। ‘সাওয়ারিয়া’র ছিপছিপে চেহারা নয়, উল্টে রণবীর এখন বেশ ওজনদার। বেশি ওজনের রনবীরকে চিনতেও অনেকটা কষ্ট হয়।
 
 
নায়ক নিজেই জানিয়েছেন, ১৩ কেজিরও বেশি ওজন বেড়েছে তাঁর। সবই রাজকুমার হিরানির ফিল্ম ‘দত্ত’-র জন্য। এত দিনে সকলেই জানেন, রণবীর সেখানে সঞ্জয় দত্তের ভূমিকায় রয়েছেন। ফিল্মে ২২ বছরের সঞ্জয় থেকে শুরু করে তাঁর জেলযাত্রা বা রিহ্যাব কাটানোর সময়কার কথা তুলে ধরা হবে।
 
তা এই তিন সময়ে সঞ্জয়ের চেহারার সঙ্গে মানানসই হতেই আপাতত ওজন বাড়ানোয় মন দিয়েছেন ঋষি কাপুরের ছেলে রণরীর। ওজন বাড়ানোর জন্য বিশেষ রুটিনের মধ্যেও রয়েছেন তিনি। ‘বাহুবলী’-তে রানা দাগ্গুবতির ভোলবদল করেছিলেন যিনি সেই কুণাল গিরের সঙ্গে দিনরাত ট্রেনিং করছেন রণবীর। ডায়েটে থাকছে অনেকটা শাকসবজি।সঙ্গে প্রতি দিন দেড় ঘণ্টার ওয়ার্কআউট। রাত তিনটায় উঠে প্রোটিন শেক খাওয়ার মতো কড়া দাওয়াইও রয়েছে। আর এত পরিশ্রমের ফলও মিলেছে হাতেনাতে। সকলেই বলছেন, বেশ ওজন বেড়েছে রণবীরের।
 
 
আর স্বয়ং রণবীর বলেন, আমি আগে কখনও এতটা ওজন বাড়াইনি। তবে পরের পর্বের শুটিংয়ের জন্য এ বার ওজন কমানোর চেষ্টা করছি।
 
চরিত্রের জন্য শরীর নিয়ে ভাঙ্গা গড়ার খেলা বলিউড অভিনেতাদের পুরোনো অভ্যাস। এর আগে দঙ্গল সিনেমার জন্য ২০ কেজির মত ওজন বাড়িয়ে সেটা আবার কমিয়েছিলেন আমির খান। গাল্ফ নিউজ।
 
ইত্তেফাক/রেজা