অর্থ আত্মসাৎ : গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার কারাদণ্ড

আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৯:৫২
ক্ষুদ্র ঋণগ্রহীতাদের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
বুধবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন।
 
দুণ্ডিতরা হলেন গ্রামীণ ব্যাংকের রায়পাশা-কড়াপুর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক দেলোয়ার হাসান, কর্মকর্তা রতন প্রভা হালদার ও ইব্রাহিম খলিল। রায় ঘোষণার সময় দণ্ডিত রতন প্রভা হালদার আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।
 
দেলোয়ার যশোরের ছাতিয়ানতলা এলাকার জয়নাল আবেদীনর ছেলে, রতন প্রভা পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রা বাজার এলাকার প্রভাষ মণ্ডলের স্ত্রী ও ইব্রাহিম খলিল একই উপজেলার আউরিয়া এলাকার মোকছেদ আলীর ছেলে।
 
আদালত সুত্র জানায়, ২০১১ সালের ২০ জুন থেকে ৭ জুলাই দণ্ডিতরা ৯ সদস্যর নামে ৮৫ হাজার টাকা ঋণ উত্তোলন করে নিজেরা আত্মসাত করেন। ওই টাকা আত্মসাত করার অভিযোগে ২০১৩ সালের ২৪ নভেম্বর দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করে।