আজ সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট গ্রহণের শেষ দিন

আপডেট : ২৩ মার্চ ২০১৭, ০৯:৩৫
 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু’দিনব্যাপী নির্বাচনের আজ বৃহস্পতিবার শেষ দিন। গতকাল বুধবার ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় নির্বাচন। 
 
নির্বাচনের প্রথম দিনে ১ হাজার ৯৫০ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। সকাল ১০ টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। আইনজীবীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে বুথে গিয়ে তাদের ভোট প্রদান করেন। 
 
তবে গত এক দশক ধরে আওয়ামী ও বিএনপি সমর্থিত আইনজীবীরা ‘সাদা’ ও ‘নীল’ প্যানেলে নির্বাচন করত। কিন্তু এবার সেই সুযোগ হারান তারা। ফলে সমিতির নির্বাচন ছিল না উৎসবমুখর। নির্বাচনী আচরণ বিধিমালা অনুসরণ করার কারণেই প্রার্থী ও তাদের সমর্থকদের নিয়মের বেড়াজালে বন্দী হয়ে ভোট প্রার্থনা করতে হয়েছে।  
 
নির্বাচনে ২০১৭-২০১৮ সালের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার ৫ হাজার ৮০ জন আইনজীবী ভোটার ভোট প্রদান করবেন। নির্বাচনে সভাপতি, ২টি সহ-সভাপতি সম্পাদক, সম্পাদক, ২টি সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ এবং ৭টি সদস্য পদে প্রার্থী নির্বাচনের জন্য ভোট দেবেন আইনজীবীরা।