জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে থেকে যাতে কোনো প্রকার সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে কারা কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।
তিনি বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সে ৪৯তম কারারক্ষী ও মহিলা কারারক্ষী মৌলিক প্রশিক্ষণ কোর্সের নব নিয়োগ প্রাপ্তদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
স্বরাষ্ট্র সচিব বলেন, কারাগার একটি সংবেদনশীল ও স্পর্শকাতর প্রতিষ্ঠান। এখানে দায়িত্বশীল মনোভাব নিয়ে কর্তব্য পালন করতে হয়। কারাগারের দায়িত্ব পালন অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ভিন্নতর ও চ্যালেঞ্জিং।
নিরাপত্তা বিধানের পাশাপাশি বর্তমানে কারাগারে বন্দিদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অপরাধীদের সংশোধন পূর্বক সমাজে পুনর্বাসনের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগকে সফল করতে হলে কারা কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করা অতি জরুরি।
অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. ইকবাল হাসান, ডিআইজি প্রিজন্স মো. বজলুর রশীদ, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানসহ কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ‘ডে কেয়ার’ সেন্টার উদ্বোধন করেন।
