স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনও প্রায় দেড় বছর বাকি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচনে কোনো প্রকার কারচুপি হবে না। তাই দলীয় নেতা, এমপি, মন্ত্রীদের জনগণের কাছে যেতে হবে। জনগণের মন জয় করেই নির্বাচনে বিজয়ী হতে হবে। জনগণ যখন জবাব চাইবে তখন দলের অনেক এমপি-মন্ত্রীর অগ্নিপরীক্ষা শুরু হবে।
গতকাল দুপুরে ৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিকিত্সক-কর্মচারীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জনগণের সেবা দেয়াই আপনাদের দায়িত্ব। এক্ষেত্রে কোনো প্রকার অবহেলা চলবে না। ঠিকমতো কাজ না করলে তার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। কাজ করবেন না আর জয় বাংলা শ্লোগান দেবেন—তা মেনে নেয়া হবে না। প্রধানমন্ত্রী যদি দেশের উন্নয়নের জন্য রাতদিন পরিশ্রম করতে পারেন তাহলে আমরা কেন পারব না। দেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক শাহিন হাসানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শেখ মো. শামীম ইকবাল, প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক এ কেএম মাহবুবুর রহমান জোয়ার্দ্দার, রাজশাহী বিভাগের পরিচালক মলয় কুমার রায়, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, চেম্বার প্রেসিডেন্ট গোলাম আবু ইউসুফ সূর্য্য প্রমুখ।
ইত্তেফাক/নূহু
