ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ থেকে দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ময়মনসিংহ দমকল বিভাগ ও পুলিশ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলো, ময়মনসিংহ মুসলিম হাই স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হোসেন (১২) ও দ্বিতীয় শ্রেণীর মোবারক (১০)। তারা নগরীর গোহাইলকান্দি রেললাইন পাড়ের বাসিন্দা দুলাল মিয়া ও মৃত আব্দুল হেকিমের ছেলে।
মোবারকের খালা শিল্পী বেগম জানান, সম্পর্কে ওই দুইজন মামাতো ফুফাতো ভাই। তিনি বলেন, গত রবিবার দুপুরে দুইজন খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর ফেরেনি। সোমবার দুপুর ১২টার দিকে শিল্পী বেগমের কাছে দুই শিশুর লাশ ভেসে থাকার খবর আসে। খবর পেয়ে পুলিশ ও দমকল বিভাগের ডুবুরিরা নদী থেকে মোবারক ও হোসেনের লাশ উদ্ধার করেন।
আরো পড়ুন: ৬৫ বছরের বৃদ্ধের লালসার শিকার ৩য় শ্রেণির ছাত্রী
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে করেন। তিনি বলেন, দুই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/অনি
