রাজধানীর কারওয়ান বাজারের রাফাস টাওয়ারের অগ্নিকাণ্ডে একটি গোডাউনে মালামাল পুড়ে গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাওরানবাজার বাণিজ্যিক এলাকার টিসিবি ভবনের সামনে চারতলা রাফাস টাওয়ারের দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখে পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক খোন্দকার আব্দুল জলিল জানান, সাতটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ভবনটির নিচতলা ও দোতলায় পার্টেক্স পার্টিক্যাল বোড-এর গোডাউন রয়েছে।
গোডাউনের মালিক সাখাওয়াত হোসেন বলেন, বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের গোডাউনের মালামালের তেমন ক্ষতি হয়নি।
