১২ কেজি ওজন কমালেন কারিনা

আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৮:১৯
গতবছরের ডিসেম্বরে মা হয়েছেন কারিনা কাপুর খান। মাতৃত্বের দরুণ তার শরীর মুটিয়ে গেলেও কাজ থেকে কখনো বিরতি নেননি। সন্তান জন্মের কারণে ১৮ কেজি ওজন বেড়ে গিয়েছিল নায়িকার। কিন্তু কদিন আগে জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে দেখা গেল ছিপছিপে শরীরে। কি সেই রহস্য!
 
কারিনা-সাইফের ঘর আলো করে রয়েছে তাদের ছেলে তৈমুর। সন্তান প্রসবের পরে আবার নায়িকা-সুলভ চেহারায় ফিরতে চেয়েছেন তিনি। আর তাই ওজন কমানোর জন্য তিনি নিয়েছেন এক অভিনব কৌশল। 
 
 
কারিনাদের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, সন্তান প্রসবের প্রায় ৪০ দিন পর থেকে ওজন কমানোর চেষ্টা শুরু করেন কারিনা। হালকা এক্সারসাইজের পাশাপাশি যোগ ব্যয়ামও শুরু করেন। কিন্তু গত দু’ সপ্তাহে তিনি রীতিমতো ওয়ার্কআউট এবং পেটের মেদ কমানোর জন্য বিশেষ ব্যয়াম শুরু করেন। সেই সঙ্গে ডায়েটিসিয়ানের পরামর্শ নিয়েও চলেছেন। 
 
 
কারিনার ডায়েটিসিয়ান জানিয়েছেন, কারিনা তাকে বলেছেন, তিনি রাতারাতি রোগা হতে চান না। কারণ নিছক ওজন কমানো তার লক্ষ্য নয়। তিনি চান সুস্থ থাকতে, খুশি থাকতে, এবং এনার্জেটিক হয়ে উঠতে। সন্তান জন্মের পরে যে ভাবে ধীরে ধীরে ওজন কমানোর পরিকল্পনা করেছেন কারিনা, তা বেশ অভিনব। কারণ অধিকাংশ নায়িকাই নাকি তড়িঘড়ি রোগা হতে চান। অথচ গর্ভধারণের পরে ধীরে ধীরে ওজন কমানোই রোগা হওয়ার স্বাস্থ্যসম্মত পদ্ধতি বলে জানিয়েছেন কারিনার ডায়েটিসিয়ান।
 
এই সব কৌশলে ১২ কেজি ওজন কমিয়ে ফেলেছেন কারিনা। মে মাস থেকে শুরু হচ্ছে কারিনার পরবর্তী সিনেমা ‘ভিরে দি ওয়েডিং’-এর শুটিং। তার আগে আগামী এক মাসে আরও বেশ কিছুটা ওজন কমানোর পরিকল্পনা করছেন এই বলিউড নায়িকা। জুম টিভি।
 
ইত্তেফাক/রেজা