হামলাকারীর প্রতি কৃতজ্ঞতা!

আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১১:১১
 
গত ৫০ বছর ধরে নাটিংহামের রাস্তায় ঘুরে ঘুরে টুকিটাকি জিনিসপত্র বিক্রি করে আসছেন সত্তর বছর বয়সী ডেভ বার্টাম। এই দীর্ঘ সময়ের জীবনে বহু ঘাত-প্রতিঘাতের মুখে পড়তে হয়েছে। তবে এই মাসের প্রথম দিকে দুর্বৃত্তের হামলায় বেশ কয়েকটি হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হন। এতো বড় ঘটনার পরও হামলাকারীর বিরুদ্ধে ডেভের কোনো অভিযোগ নেই। হামলাকারীর বিরুদ্ধে কোথায় মামলা করবেন সেখানে উল্টো হামলাকারীর প্রতি কৃতজ্ঞতার ঢেকুর তুলছেন।
 
কারণ হাসপাতালে চিকিত্সা নিতে গিয়েই প্রথম জানতে পারেন এক ধরনের ক্যান্সারের প্রথম পর্যায়ে রয়েছেন তিনি। তাই তিনি হামলাকারীকে ধন্যবাদই জানিয়েছেন। তার মতে, এই হামলা না  হলে হাসপাতালেও আসা হতো না আর এতো তাড়াতাড়ি জানাও সম্ভব হতো না যে, তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। জীবন বাঁচানোর জন্য হামলাকারীদের প্রতি তার এই কৃতজ্ঞতা। ১৯৬৪ সাল থেকে সপ্তাহে সাত দিন নিয়ম করে চিংড়ি, শামুকসহ নানা ধরনের জিনিস বিক্রি করে আসছেন ডেভ বার্টাম। তাকে নিয়ে ২০১৪ সালে একটি সিনেমাও তৈরি হয়েছে।-বিবিসি