ভারত-বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ট্রাফিক পুলিশের প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে চাঁদা আদায় করার দৃশ্যটা মানুষের কাছে অনেক আগে থেকেই গা সওয়া হয়ে গেছে। রাস্তায় বৈধ-অবৈধভাবে গাড়ি আটকে চালকের থেকে টাকা আদায় করাটা ট্রাফিক পুলিশের একধরনের অধিকারে পরিণত হয়। অল্প শিক্ষিত, অশিক্ষিত গাড়ি চালকরা দূরে থাক গাড়ির শিক্ষিত চাকরিজীবী যাত্রীরাও এর প্রতিবাদ করার সাহস করে উঠতে পারে না।
তবে এদিন ভারতের হায়দ্রাবাদের রাস্তা থেকে এভাবে ‘চাকরির অধিকারসূত্রে’ এক ট্রাফিক পুলিশের চাঁদা আদায়ের একটি দৃশ্য ফেসবুকে পোস্ট করে দেয়ার পর তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। ৫০ হাজারের বেশিবার দর্শক সেই দৃশ্য দেখার পর টক অব দ্যা টাউনে পরিণত হয় ঘটনাটি। ফেসবুকের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শেষ পর্যন্ত চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে ঐ ট্রাফিক পুলিশকে। চাকরিচ্যুত ট্রাফিক পুলিশ এই ঘটনায় ‘ফেসবুকের বাড়াবাড়িকে’ দোষারোপ করতেই পারেন।-এনডিটিভি
