পরিসংখ্যানে স্পষ্ট ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। দুই দলের মধ্যকার ৩৮টি ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র চারটিতে। পার্থক্যটা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও অজানা নয়। তবে, নিজেদের স্বাভাবিক খেলাটা খেললে ভালো ফলাফল আসা সম্ভব বলে মনে করছেন তিনি।
আজ ডাম্বুলায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে সতর্ক মাশরাফি বলেন, ‘আমি কখনোই বাড়তি কথা বলি না। টেস্টের চেয়ে ওয়ানডেতে শ্রীলঙ্কা অনেক পরিণত দল। তাই যতটা সহজ ভাবা হচ্ছে, বিষয়টা আসলে ততটাও সহজ নয়। ওদের দারুণ কিছু খেলোয়াড় আছে। আর ওয়ানডেতে অনেক ছোটো একটা ইনিংস বা অনেক ছোটো একটা বোলিং স্পেল অনেক সময় পার্থক্য গড়ে দেয়। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে। তবে, এরপরও প্রথম থেকেই আমাদের ভালোটাই আশা করতে হবে।
তবে, ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফটা ঊর্ধ্বমুখী। কিন্তু, মাশরাফি নিউজিল্যান্ড সফরের স্মৃতি মাথায় রেখে বলছেন, প্রতিপক্ষকে এখানে খাটো করার সুযোগ নেই। বরং নিজেদের মাঠে খেলা বলে বাড়তি সুবিধাই পাবে উপুল থারাঙ্গার দল। তাদের বিপক্ষে জিততে হলে ভালো খেলার বিকল্প নেই।
মাশরাফি বলেন, ‘ওয়ানডেতে আমরা এখন ভালো করলেও শ্রীলঙ্কা আমাদের চেয়ে ভালো দল। আর ওয়ানডেতে তো আর টেস্টের মতো পরিপক্বতার দরকার হয় না। এখানে ছোট ছোট কিছু বিষয়ে ম্যাচ বের করে আনা যায়। আর নিউজিল্যান্ডের স্মৃতিটা আমাদের সবার মাথায় রাখা উচিত। ওখানে ভালো সূচনা পেলেও আমরা একটা ম্যাচও জিততে পারিনি। এবার যাতে ওরকম কিছু না হয় সেটার জন্য চেষ্টা করছি আমরা। আর দেশের বাইরে খেলা সব সময়ই কঠিন। দেশের মাটিতে যারা খেলে তখন দলগুলো একটু অ্যাডভানটেজ পায়। এখানে দুটো দলই ভালো। যারা ভালো খেলবে তারাই জিতবে।’
টেস্টে ভালো পারফরম্যান্স, সাথে ওয়ানডে র্যাংকিংয়ে ছয়ে ওঠার সুযোগ। তবে, এত চাপকে মাথায় নিতে চাইছে না বাংলাদেশ। বরং নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চায় মাশরাফির দল।
অধিনায়ক তাই বলেন, ‘র্যাংকিংয়ের চিন্তা মাথায় রাখলে চাপ হয়ে যাবে। স্বাভাবিক খেলাটা কঠিন হয়ে যাবে। স্বাভাবিক খেলাটাই জরুরি। যেসব ম্যাচ খেলে আমরা সাতে এসেছি, সেসব ম্যাচে র্যাংকিং নিয়ে আমরা মাথা ঘামাইনি।’
ডাম্বুলায় বাংলাদেশ সর্বশেষ খেলেছে সাত বছর আগে। ফলে, সেই অভিজ্ঞতাটা এখানে কতটা কাজে দেবে সেই ব্যাপারে নিশ্চিত নয়। তবে, ওয়ানডে স্কোয়াডের অনেকেই শ্রীলঙ্কায় ক’দিন আগেই টেস্ট খেলেছে। সেই অভিজ্ঞতাটা কাজে লাগাতে চান মাশরাফি।
তিনি বলেন, ‘ডাম্বুলায় আমরা আগে খেলেছিলাম। একটা এশিয়া কাপে খেলেছিলাম। সেই অভিজ্ঞতাটা আমাদের জন্য খুব একটা ভালো নয়। নিজেদের সেরা খেলাটা খেলার তো সব সময়ই চেষ্টা থাকে। সেই চেষ্টাটা এবার থাকবে যে, সবাই আপ টু দ্য মার্ক থাকি। সেটা না হলেও শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতাটা থাকা চাই। খেলায় হার-জিত থাকে; অনেক রঙ বদলায়। কিন্তু, আমাদের নিজেদের স্পিরিটটা ধরে রাখতে হবে। যেটা আমি বিশ্বাস করি দলের সবার মধ্যেই আছি। বিশেষ করে, এই দলের অনেকেই টেস্ট স্কোয়াডে ছিল, তাদের আত্মবিশ্বাসটা ভালো হওয়ার কথা। তাই আমার বিশ্বাস এখানে আমরা ভালো খেলতে পারব।
প্রায় অপরিচিত ভেন্যু বলেই কি না এবার উইকেট নিয়ে বাড়তি আগ্রহ মাশরাফিদের। যদিও এখন পর্যন্ত উইকেটের ব্যাপারে পূর্ণাঙ্গ কোনো ধারণা গড়ে ওঠেনি। মাশরাফি বলেন, ‘আসলে উইকেট নিয়ে বলা কঠিন। অনেক আগে খেলেছি এই মাঠে। দেখে ভালো মনে হচ্ছে। তবে, উইকেটে কতটুকু টার্ন থেকে সেটা আগে থেকে অনুমান করা কঠিন। তবে, যে কোনো কিছুর জন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তবে, খালি চোখে ব্যাটিং সহায়ক বলেই মনে হচ্ছে, কিন্তু দ্বিতীয় ইনিংসে উইকেট কেমন আচরণ করবে সেটা বলা মুশকিল।’
পরিসংখ্যানে
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
দল জয় পরাজয়
বাংলাদেশ ০৪ ৩৩
শ্রীলঙ্কা ৩৩ ০৪
মোট ম্যাচ ৩৮, ফল নেই ১টি
