চোটগ্রস্ত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই ধর্মশালায় শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। সিরিজ নির্ধারণী এই লড়াইয়ে স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন আজিঙ্কা রাহানে। রিপোর্ট লেখা পর্যন্ত টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ৩১ ওভারের খেলা শেষে ১ উইকেটে তাদের সংগ্রহ ১৩১/১।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার টেস্টের সিরিজটি বর্তমানে ১-১ ব্যবধানে আছে। তাই জয়ের জন্য উন্মুখ হয়ে আছে উভয় দেশই। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয় টেস্টটি। এ ম্যাচ দিয়েই ধর্মশালায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে টেস্ট ক্রিকেট।ধর্মশালায় জয়ী দল পাবে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তবে রাঁচির মতো এ টেস্টটিও ড্র হলে বোর্ডার-গাভাস্কার ট্রফি থেকে যাবে অস্ট্রেলিয়ার কাছে। কারণ নিজেদের মাঠে গেল সিরিজটি জিতেছিল অজিরাই। এবারের সিরিজে পুনেতে প্রথম টেস্টটি ৩৩৩ রানে জিতেছিল সফরকারীরা। এরপর ব্যাঙ্গালুরুতে পরের টেস্টটি ৭৫ রানে জিতে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। সর্বশেষ রাঁচিতে তৃতীয় টেস্টটি হয় ড্র।
অস্ট্রেলিয় অধিনায়ক স্টিভ স্মিথ বলেছিলেন কোহলি যদি খেলতে না পারেন, সেক্ষেত্রেও ভারত খুবই নিরাপদ হাতে থাকবে। কেননা রাঁচি টেস্টের সময় ভারপ্রাপ্ত হিসেবে অজিঙ্কা রাহানে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। চোটের কারণে রাঁচিতে অস্টেলিয়ার প্রথম ইনিংসের অধিকাংশ সময় কোহলি মাঠে ছিলেন না। তবে তিনি পরে নির্ধারিত সময়ে ব্যাট করতে নামেন এবং অস্টেলিয়ার দ্বিতীয় ইনিংসের সময় ফিল্ডিংও করেন।
রাহানে সম্পর্কে স্মিথ বলেন,‘সে সম্ভবত ফিল্ডিংয়ে কিছুটা বেশি শান্ত, সম্ভবত খুব বেশি আবেগপ্রবণ নয়। কিন্তু আমি মনে করি সে খেলাটি সত্যি ভালো বোঝে। আমি যথেষ্ট ভাগ্যবান যে অজিঙ্কার সাথে ক্রিকেট খেলেছি।’
