বিশ্ব শিল্পায়ন সম্মেলনে যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী

আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৭:২৮
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আবুধাবিতে অনুষ্ঠেয় বিশ্ব উৎপাদন ও শিল্পায়ন সম্মেলনে যোগ দিচ্ছেন। এ উপলক্ষে তিনি রবিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
 
আগামী সোমবার থেকে আবুধাবির প্যারিস সরবুন বিশ্ববিদ্যালয়ে এ সম্মেলন শুরু হবে। ৩০ মার্চ পর্যন্ত এই সম্মেলন চলবে।
 
চার দিনব্যাপী এ সম্মেলনে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে শিল্পায়নের ভূমিকা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য শিল্প উৎপাদনে চলমান অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। 
 
এতে বিভিন্ন রাষ্ট্রের সরকার/রাষ্ট্র প্রধান, অর্থ ও শিল্পমন্ত্রী, বিশ্ববরেণ্য ব্যবসায়ী নেতা, আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, অর্থনীতিবিদ, শিল্প গবেষক, নীতিনির্ধারকগণ এবং খ্যাতনামা শিল্প উদ্যোক্তারা যোগ দেবেন।
 
সম্মেলনে অংশগ্রহণকারীরা উৎপাদনশীলতার ছয়টি মৌলিক উপাদান নিয়ে আলোচনার পাশাপাশি এ সম্পর্কিত আন্তর্জাতিক বিতর্কেও তারা অংশ নেবেন। 
এছাড়া, শিল্পমন্ত্রী সম্মেলন উপলক্ষে আয়োজিত ‘ফোকাস অন দ্যা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস্’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য রাখবেন। -বাসস।