তামিমের দুর্দান্ত শতকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৯:৩২
রানের মধ্যেই ছিলেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। বেশ কয়েকটি ফিফটি পেরোনো ইনিংস খেললেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করা হয়ে উঠছিলনা তামিমের।
 
অবশেষে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ১২৭ বলে ১০০ রানের ইনিংসে ১২ টি বাউন্ডারি ছিল।এটি তামিমের অষ্টম ওডিআই সেঞ্চুরী।
 
তামিমের সঙ্গে ক্রিজের অপরপ্রান্তে সাকিব অপরাজিত আছেন ৪৭ রানে। তামিম-সাকিব ১১১ জুটি রানের উপর ভর করে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। বাংলাদেশের দলীয় সংগ্রহ ৪২.২ ওভারে ২৩১।
 
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানে সৌম্য বিদায় নিলে ক্রিজে আসেন সাব্বির। উইকেটে নেমেই তিনি কাউন্টার এ্যাটাক শুরু করেন। ৫৬ বলে ৫৪ রানের একটি ইনিংস খেলে বিদায় নেন সাব্বির। সাব্বিরের মারমুখী ইনিংসে ১০ টি চারের মার ছিল।সাব্বিরের বিদায়ে তামিম ও সাব্বিরের ৯০ রানের জুটি ভেঙ্গে যায়। এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিম। ২ বলে ১ রান করে তিনি লক্ষণ সান্দাকানের বলে আউট হয়ে ফিরে যান।
 
সুরঙ্গা লাকমালের করা প্রথম ওভারের তৃতীয় বলে ২ রান নিয়ে তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান তামিম।টাইগারদের হয়ে আজ ওয়ানডে অভিষেক হচ্ছে মেহেদি হাসান মিরাজের। 
 
ইত্তেফাক/রেজা