নাসিরনগরে ঝড়ে নৌকা ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

আপডেট : ২৫ মার্চ ২০১৭, ২০:৪১
 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ফকিরদিয়া এলাকায় শনিবার ঝড়ে নৌকাডুবে ঊর্মিলা বেগম (৯) নামে এক স্কুল ছাত্রী মারা গেছে। এছাড়া অসংখ্য গাছপালা, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
 
খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া এলাকায় সকালে ঝড়ের কারণে মেঘনা নদীতে নৌকাডুবে ওই এলাকার জামাল হোসেনের মেয়ে ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ঊর্মিলা বেগম মারা যায়। এ সময় নৌকায় থাকা চারটি ছাগলও মারা যায়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ঝড়ে কাঁচা বাড়িঘর ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তসহ যেসব ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে। তবে কোথাও বড় ধরণের কোনো ক্ষতি হয়নি। তবে যেটুকু ক্ষতি হয়েছে সেটা নিরূপণের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট চেয়ারম্যানদেরকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা তিনি।
 
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের ১১ খুঁটি ভেঙ্গে যাওয়ায় সন্ধ্যা পর্যন্ত নাসিরনগরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ছিল বলে পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম জানান।
 
ইত্তেফাক/জামান