ধন্যবাদ তামিম ইকবাল

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১১:৫৯
 
ক্রিকেট এখন আমাদের গর্বের একটা জায়গা দখল করেছে। বিশ্ব মানচিত্রে নতুন করে পরিচিত করেছে বাংলাদেশকে। সত্যি কথা কি, আমি বিয়ের আগ পর্যন্ত ক্রিকেট খেলাটাই বুঝতাম না। বিয়ের পরেই শ্বশুরবাড়ির লোকজনের সাথে বসে খেলা দেখতে দেখতে খেলা দেখার নেশা তৈরি হয়।
 
যদিও প্রথম প্রথম রান বুঝতাম না, চার মারলেই চিত্কার করে হাততালি দিয়ে বলে উঠতাম ‘চার নম্বর’। খেলা দেখাটা এখন রীতিমতো নেশায় পরিণত হয়েছে। বাংলাদেশ ছাড়া আর কোনো দলের খেলা অবশ্য কখনো দেখিনি, তাই ক্রিকেট খেলা বলতে শুধু বাংলাদেশই বুঝি।
 
খেলোয়াড়দের মধ্যে সবার খেলাই ভালো লাগে। যে ১১জন খেলে সবাই এক একেকটা রাজা, আর আমরা যারা খেলা দেখি সবাই রাজার অন্ধভক্ত। আলাদা করে আমার কোনো প্রিয় খেলোয়াড় নেই। গতকাল তামিমের খেলাই বেশি ভালো লেগেছে। খুব টেনশনে ছিলাম ও যখন ৯০ রান করে তখন। হাতে চায়ের কাপ ছিল রেখে দিয়ে দুই হাত তুলে দোয়া করেছি আল্লাহ তামিম যেন অধৈর্য্য না হয়ে পড়ে, ও যেন সেঞ্চুরিটা করতে পারে।
 
প্রতিদিনই আমাকে নানা কাজে ব্যস্ত থাকতে হয়। তারপরও মাঝে মাঝে সময় সুযোগ পেলে স্টেডিয়ামে চলে যাই খেলা দেখতে। খেলা নিয়ে এখন অনেক স্মৃতি, অনেক অনেক গল্প। যা সারাদিন বলেও শেষ করা যাবে না।
 
ইত্তেফাক/আনিসুর