ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদেশ গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গায় ১ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ১৪ জন। শনিবারের এই দাঙ্গায় ১০টি বাড়ি ও ২০টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।
জানা গেছে মুসলিম ছাত্রদের খারাপ ব্যবহারের অভিযোগ তুলে গুজরাটের পাতান জেলার ভাদভালি গ্রামে কমপক্ষে ৫ হাজার মানুষ মুসলিমদের উপর হামলা করে। বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। মুসলিমরা পাথরছুড়ে হামলার জবাব দেয়। পুলিশ টিয়ারগ্যাস ও সাত রাউন্ড গুলি ছুড়ে বিবদমান দুইপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
গুজরাট প্রদেশ সাম্প্রদায়িক সহিংসতার জন্য কুখ্যাত। ২০০২ সালে সাম্প্রদায়িক দাঙ্গায় কমপক্ষে ১ হাজার মানুষ নিহত হয় যাদের বেশিরভাগ মুসলিম। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ তিনি এই দাঙ্গা থামাতে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
মোদী এই কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন, ২০১৩ সালে সুপ্রিম কোর্ট নিয়োজিত প্যানেল বলেছে তার বিরুদ্ধে অভিযোগ হঠনের মতো পর্যাপ্ত প্রমাণ নেই। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
