ভয় জয় করার গল্প নিয়ে ‘বীর’

আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১২:৪৬
 
মায়া, অবিশ্বাস, মোমেন্টস, দেয়াল, অক্ষর, দূরবীন এর মতো জনপ্রিয় শর্টফিল্ম নির্মাণের পর তরুণ নির্মাতা ভিকি জাহেদ এবার আসছেন তার সপ্তম শর্টফিল্ম “বীর” নিয়ে। শর্টফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। 
 
ইতিমধ্যে শর্টফিল্মটির ট্রেলার দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির  ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। রেদওয়ান রনি  ও কাজি মিডিয়ার যৌথ প্রযোজনায় "বীর" নির্মিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে দীপ্ত টিভি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এবং ২৫ থেকে ৩০শে মার্চ পর্যন্ত টানা ছয় দিন মুক্তিযুদ্ধ ভিত্তিক ছয়টি শর্টফিল্ম প্রচার করবে। 
 
শর্টফিল্ম গুলো দেখা যাবে সন্ধ্যা ৬টা এবং রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভির পর্দায়। আজ সোমবার প্রচারিত হবে তরুণ নির্মাতা ভিকি জাহেদের "বীর"। 
IMG0
অভিনয় করেছেন মনোজ কুমার, হাসনাত রিপন, সোহান বাবু, এথিনা ইসলাম, বিজলী আহমেদ। চিত্রগ্রহণের দায়িত্তে ছিলেন সুমন সরকার, সম্পাদনায় আছেন সাইফ রাসেল এবং সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াত অর্পণ । 
 
পরিচালক ভিকি বলেন, বীর হচ্ছে ভয়কে জয় করার গল্প। মানুষ মাত্রই তার মধ্যে ভয় কাজ করে। আমাদের মুক্তিযোদ্ধারাও এর ব্যতিক্রম ছিলেন না। আমি এবার মুক্তিযুদ্ধের এমন একটি গল্প দেখাতে চাচ্ছি যেটা কখনই আমাদের সামনে আসেনি। আশা করছি সবারই ভাল লাগবে।
 
শর্টফিল্মটি একটি মোশন ভাস্কর নির্মাণ।
ইত্তেফাক/আনিসুর