খুলনায় মনা মুন্সী (৫৬) হত্যা মামলায় আদালত একই পরিবারের চারজনকে ২৫ হাজার টাকা করে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে।
সোমবার দুপুরে খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম সোলায়মান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা কাঠগড়ায় ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, আবুল কাশেম বেপারী ও তার দুই ছেলে আব্দুল হান্নান বেপারী, আকরাম বেপারী এবং পৌত্র হাসান বেপারী। তাৎক্ষণিকভাবে আদালতে দণ্ডের অর্থ এক লাখ টাকা জমা দিয়ে দণ্ডপ্রাপ্তরা মুক্তি পান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকায় ডিম কেনাবেচাকে কেন্দ্র করে ২০১০ সালের ১৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে দু'টি পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বৃদ্ধ মনা মুন্সী আহত হন। তাকে আশঙ্কা অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। ওইদিনই নিহতের ছেলে আলাউদ্দিন মুন্সী পাঁচ জনের নাম উল্লেখ করে নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। ২০১১ সালের ২৬ মে সোনাডাঙ্গা থানার এস আই মতিউর রহমান এজাহারভুক্ত পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আরিফ মাহমুদ লিটন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম।
