রাশিয়ায় গণবিক্ষোভের সময় পুলিশের নির্দেশ অমান্য করায় বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। রাশিয়াজুড়ে বিক্ষোভ সমাবেশে হাজারো মানুষ আটক হয়েছেন।
মস্কোর একটি আদালত নিষিদ্ধ ঘোষিত বিক্ষোভ আয়োজন করায় নাভালনিকে ২০ হাজার রুবল জরিমানা করেছে। বিক্ষোভের সমালোচনা করে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বিরোধী দলের বিরুদ্ধে আইনভঙ্গ ও সহিংসতা উসকে দেয়ার অভিযোগ তুলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বিক্ষোভে অংশ নেয়া অনেক তরুণকে অর্থের মাধ্যমে নিয়ে আসা হয়।
রাশিয়ার বিরোধী দলীয় নেতা দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে বার বার দুর্নীতির অভিযোগ করে আসছিলেন। তার এই অভিযোগের কারণে রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, ভ্লাদিভস্তক, নভোসিবিরস্ক, তমস্ক ও রাজধানী মস্কোসহ সব বড় শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
