বায়ার্ন মিউনিখেই থাকছেন ফরাসি ফুটবল তারকা ফ্রাঙ্ক রিবেরি। বায়ার্নে থাকতে চান বলেই ইউরোপের বেশ কয়েকটি অভিজাত ক্লাব থেকে আসা প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন রিবেরি।
রিবেরির দাবি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের মতো ইউরোপের সেরা ক্লাবগুলো তাকে পেতে চেয়েছিল। কিন্তু বায়ার্নের সভাপতি উলি হোয়েনিস ও কার্ল হেইঞ্জ রুমেনিগে তাকে বুঝিয়ে ক্লাবে রেখে দিতে সক্ষম হয়েছেন।
এক সাক্ষাৎকারে রিবেরি বলেন, ‘এটি সত্যি যে, আমি ক্লাব ছেড়ে যাবার চিন্তা করেছিলাম। ২০০৮ ও ২০০৯ সালে সব বড় ক্লাবগুরো আমাকে পেতে চেয়েছিল। তবে এ সময় আমার সঙ্গে নিয়মিত কথা বলতেন উলি ও রুমেনিগে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। কারণ, তারাই আমাকে বায়ার্নে থেকে যেতে অনুপ্রাণিত করেছেন। আমি ১০ বছর ধরে এখানে আছি। যেখানে আমি সবকিছুই পেয়েছি। আমার পরিবারও এখানে ভালো এবং খুশি আছে।’
‘ইউরোপে আমার সর্বশেষ ক্লাব হচ্ছে বায়ার্ন। যতদিন পর্যন্ত না আমার হাঁটু, পায়ের গোঁড়ালিসহ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বলবে যে, এবার তুমি থাম, ততদিন আমি খেলে যেতে চাই। আমি যদি ইনজুরি মুক্ত থাকতে পারি, তাহলে আরো তিন-চার বছর শীর্ষ পর্যায়ের লীগে খেলতে চাই’, যোগ করেন তিনি।
‘বায়ার্নের সঙ্গে সত্যি আমার ভালো সম্পর্ক রয়েছে। অবসরের পর আমি কোচ হতে চাই। তবে অবশ্যই যুব দলের।’
আগামী মাসেই চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মোকাবেলা করবে বায়ার্ন। ওই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান রিবোরি।
রিবেরি বলেন, ‘দুটি সেরা ক্লাবের এই লড়াইকে নিয়ে আমাদের অনেক চিন্তা-ভাবনা করতে হবে। আমরা এই মুহূর্তে নিজেদের সেরা অবস্থার মধ্যে আছি। আমাদের খেলার মান খুবই উন্নত। তবে রিয়ালের মতো দলের বিপক্ষে ভুল না করার কোন প্রতিশ্রুতি আপনি দিতে পারেন না। দুটি দলই সমান পর্যায়ে রয়েছে।’
২০০৭ সালে মার্সেই থেকে অ্যালিয়াঞ্জ অ্যারিনায় যোগ দেয়ার পর থেকে এ পর্যন্ত ১৮টি শীর্ষ ট্রফি জয় করেছেন ৩৩ বছর বয়সী এই ফুটবল তারকা। তন্মধ্যে রয়েছে ছয়টি বুন্দেসলিগা শিরোপা, চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা। ডেইলী মেইল।
ইত্তেফাক/রেজা
