সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সকল আদালত, বিচারকদের বাসভবন, বিচারক ও আদালত সংশ্লিষ্ট সকলের জরুরি ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ মোতায়েনের উপর জোর দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রয়োজনীয় অন্যান্য সকল পদক্ষেপ গ্রহণ করতে পুনরায় অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক, পুলিশ কমিশনারগণ এবং সকল জেলার পুলিশ সুপার বরাবর আবারো পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সকল অধঃস্তন আদালতের বিচারক, কর্মচারী ও আদালত সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গভীরভাবে উদ্বিগ্ন। প্রধান বিচারপতির পক্ষ থেকে সরকারের সর্বোচ্চ পর্যায়ে এ উদ্বেগের বিষয় অবহিত করা হয়েছে। সরকারের পক্ষ হতে এক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়েছে।
উল্লেখ্য; ইতোপূর্বে গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে এবং কিশোরগঞ্জের শোলাকিয়ার জঙ্গি হামলার ঘটনার পর আদালতের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। একইসঙ্গে আদালত অঙ্গন, বিচারক ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানান।
ইত্তেফাক/নূহু
