মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ছবির সেই তিন কিশোর মুক্তিযোদ্ধাকে রবিবার সংবর্ধনা দিয়েছে দেলদুয়ার উপজেলা প্রশাসন।
আব্দুল খালেক, আব্দুল মজিদ আর মজিবুর রহমান। মুক্তিযুদ্ধের চিরচেনা সেই আলোকচিত্রের তিন কিশোর মুক্তিযোদ্ধা। একাত্তরে দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে নিতান্ত অল্প বয়সে হাতে তুলে নিয়েছিলেন লড়াইয়ের হাতিয়ার। সেই তিন বীর মুক্তিযোদ্ধা দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের মুশুরিয়া গ্রামের বাসিন্দা। প্রথম দুজন এখনো জীবিত আছেন, মজিবুর রহমান মারা গেছেন।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনায় এই তিন বীর মুক্তিসেনাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। দেলদুয়ার স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে সংবর্ধনায় মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ খন্দকার আব্দুল বাতেন। মজিবুর রহমানের পক্ষ থেকে তার স্ত্রী সাহাতুন আক্তার ক্রেস্ট গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, এই তিন মুক্তিযোদ্ধার ছবি মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক হিসেবে গত ৪৬ বছর যাবত্ বিভিন্ন মাধ্যমে স্থান পেয়ে আসছে। এদের ছবি দিয়ে জাতি মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ইতিহাস নতুন প্রজন্মের কাছে ফুটিয়ে তুলছে। কিন্তু এই তিনজনের পরিচয় অনেকেরই অজানা। এবার দেলদুয়ার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে তাদের ছবির পাশাপাশি তিনজনের পরিচিতি, বর্তমান অবস্থা দেশের জন্য ত্যাগ এবং ছবি তোলার পটভূমি সংক্ষেপে তুলে ধরা হয়েছে।
ইত্তেফাক/নূহু
