দেশভাগ ও একটি প্রেমের গল্প

আপডেট : ২৮ মার্চ ২০১৭, ০২:৩৪

একটি অসাধারণ গল্পের সঙ্গে এগুলো হলো দুটি সাধারণ জিনিস: এমব্রয়ডারি করা একটি ঐতিহ্যবাহী শীতের পোশাক এবং ম্যাটমেটে বাদামী রংয়ের চামড়ার ব্রিফকেস। এগুলোর মালিক ছিল একজন পুরুষ ও একজন নারী, যারা ঔপনিবেশিক ও অবিভক্ত ভারতের পাঞ্জাবে বাস করতেন। তারা তাদের বাবা-মার মাধ্যমে একে অন্যের সাথে পরিচিত হয়েছিলেন এবং ১৯৪৭ সালে যখন সহিংসতা ছড়িয়ে পড়ে, তখন তারা প্রেমে পড়েছিলেন।

রক্তাক্ত দেশভাগের মধ্য দিয়ে ভারত ও পাকিস্তান নামে দুইটি  নতুন স্বাধীন দেশ জন্ম নেয়। সেই সময় সাম্প্রদায়িক সহিংসতার সূত্রপাত হয়, যার ফলে ১০ লাখেরও বেশি মানুষ মারা যান এবং কয়েক কোটি মানুষ বাস্তুচ্যুত হন। পাঞ্জাব ভাগ হয়; মুসলমান সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাঞ্চল পাকিস্তানের অংশে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চল ভারতের অংশে পড়ে। নতুন প্রেমে পড়া ৩০ বছর বয়সী ভগবান সিং মাইনি নামে ওই পুরুষ ও ২২ বছর বয়সী প্রিতাম কাউর নামে নারী ছিলেন শিখ এবং বর্তমানে যেটি পাকিস্তান, তারা সেখানে বাস করতেন।

দাঙ্গায় এরই মধ্যে ভগবান সিংয়ের তিন ভাইকে হত্যা করা হয়। তিনি তার সার্টিফিকেট এবং সম্পত্তির দলিলাদি ওই ব্রিফকেসে নিয়ে তার বাড়ি মিয়ানওয়ালি ছেড়ে পালান। অপরদিকে আড়াইশ কিলোমিটারেরও বেশি দূরে গুজরানওয়ালায় ঘরবাড়িহারা প্রিতামের পরিবার তাকে অমৃতসরগামী একটি ট্রেনে উঠিয়ে দেয়। দুই বছর বয়সী ভাইকে কোলে নিয়ে এবং শীতের ওই পোশাকটি একটি ব্যাগে ভরে প্রিতাম রক্তাক্ত সীমান্ত পেরিয়ে ভারতে পৌঁছান। দেশভাগের ফলে ভারত ও পাকিস্তানের সীমান্ত পার হওয়া দেড় কোটিরও বেশি লোকের মধ্যে তারা দুজনও ছিলেন। একদিন অমৃতসরের এক শরণার্থী শিবিরে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। ক্ষুধার্ত শরণার্থীদের জন্য খাবার দেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের আবার দেখা হলো। তারা তাদের দুঃখের কাহিনীগুলো একে অপরকে বলেন এবং এটা ভেবে বিস্মিত হন যে, ভাগ্য তাদের আবারো একত্রিত করেছে। ১৯৪৮ সালের মার্চে তারা বিয়ে করেন। বিয়ের অনুষ্ঠানে প্রিতাম তার সেই প্রিয় শীতের পোশাকটি পরেছিলেন। বিয়ের পর ভগবান সিং তার ব্রিফকেস থেকে সার্টিফিকেট এবং দলিলাদি বের করেন এবং নতুন জীবন শুরু করেন। তিনি পাঞ্জাবের বিচার বিভাগে যোগদান করেন এবং ক্ষতিপূরণ হিসেবে ছোট্ট একটি বাসাও পান। তাদের দুই সন্তানই সরকারি চাকরিতে ছিলেন। ৩০ বছর আগে ভগবান সিং মারা যান। আর তার স্ত্রী গত হন ২০০২ সালে। গত বছরের ৩০ অক্টোবর অমৃতসরে ভারতীয় কর্তৃপক্ষ একটি দেশবিভাগ জাদুঘর উদ্বোধন করে। ভগবান সিং ও প্রিতামের পরিবার তাদের ব্রিফকেস ও শীতের পোশাকটি জাদুঘরে প্রদশর্নীর জন্য দিয়েছেন।

বিবিসি

ইত্তেফাক/নূহু