জীবনের শেষদিকে এসে দুই অভিন্ন হৃদয় বন্ধুর পুনরায় নিজেদের আবিষ্কার করা রেলগাড়ির কামরায়। বাল্য কৈশোরের প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা সবই ফিরে দেখা অমিত আর মানসীর, মানসী আজ অন্যের পরিণীতা আর অমিত বিশ্ববিখ্যাত, সভ্রান্ত বংশীয় বিদ্বজন।
অনেক লুকোচুরির পর দুজনেই ধরা দেয় দুজনের কাছে। মাঝে বিচ্ছিন্ন হয়ে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। তবুও দুজনের হিয়ার মাঝে ভেসে ওঠে অনেক মান-অভিমান, অনেক কথা-না কথা। ট্রেন এগিয়ে চলে তার পথে। মানসীর গন্তব্য এসে যায় আগে। এভাবে গল্প এগিয়েছে।
IMG0
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় এবার ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজনা করলো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতার নির্যাস থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হঠাৎ দেখা’। জাতীয় চলচ্চিত্র দিবসকে সামনে রেখে ইমপ্রেস টেলিফিল্ম চলচ্চিত্রটি মুক্তি দিতে যাচ্ছে ৩১ মার্চ থেকে যমুনা ব্লকবাস্টার, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী-সহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।
চিত্রনাট্য করেছেন অলোক মুখোপাধ্যায় (ভারত)। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেশমী মিত্র (ভারত) এবং সাহাদাত হোসেন (বাংলাদেশ)। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শিল্পী ইলিয়াস কাঞ্চন, সুমাইয়া জান্নাতুল হিমি, মুনিরা ইউসুফ মেমি, ওয়াসেক ইমাদ, মনি তালুকদার ও মোহাম্মদ রাজিউল ইসলাম খান এবং ভারতের শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন দেবশ্রী রয়, দ্বীপ ভট্টাচার্য, কার্ত্তিক দাস বাউল, শঙ্কর চক্রবর্তী, তুলিকা বসু ও সাধন বাগচি।
IMG1
চিত্রগ্রাহক বাদল সরকার (ভারত), সম্পাদক সুজয় দত্ত রয় (ভারত), সঙ্গীত পরিচালক রাজা নারায়ন দেব (ভারত), শিল্প নির্দেশক তপন কুমার শেঠ (ভারত) ও কাজী শাহরিয়ার পারভেজ (বাংলাদেশ), রূপসজ্জা আজাদ আহমেদ ও পলাশ আহমেদ (বাংলাদেশ), ড্রেসম্যান শঙ্কর জানা (ভারত), নৃত্য পরিচালক রেশমী মিত্র (ভারত), শব্দ গ্রাহক হিন্দোল চক্রবর্তী (ভারত) ও এস.এম আরিফুল আযম (বাংলাদেশ), আবহসঙ্গীত পরিচালক রাজা নারায়ন দেব (ভারত)।
ইত্তেফাক/আনিসুর
