বিচারকদের চাকরিবিধি : আবারো এক সপ্তাহ সময় পেল সরকার

আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৪:১৫
 
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আবারো এক সপ্তাহের সময় দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আরো চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
 
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। সর্বোচ্চ আদালতের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি চাকরির শৃঙ্খলা সংক্রান্ত খসড়া বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট ওই বিধি সংশোধন করে সরকারকে বিধিমালা প্রকাশের নির্দেশ দেয়।
 
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি এক দফা গেজেট প্রকাশের সময় বাড়িয়েছিল সর্বোচ্চ আদালত।
 
ইত্তেফাক/রাফাত