বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারতের

আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৫:৫৪
দীর্ঘ দেড় মাসের ক্রিকেট দামামা অবশেষে শেষ হল । শেষ হল ভারতের দীর্ঘ সময় ধরে চলা হোম সিজন ক্রিকেটের। ধর্মশালায় অসিদের বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে নিয়ে ২-১ এ সিরিজ জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করল ভারত।  
 
ধর্মশালা টেস্টে ভারতের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১০৬ রান। সহজ লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের তৃতীয় দিন কোনও উইকেট না হারিয়ে ১৯ রান তোলেন ভারত। চতুর্থ দিন মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে বেশ ভালোই খেলছিলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল ও মুরালি বিজয়। তবে রাহুল ব্যাট চালিয়ে গেলেও মাত্র আট রানে আউট হন বিজয়। অসি পেসার প্যাট্রিক কামিন্সের বলে ক্যাচ দেন উইকেট কিপার ম্যাথু ওয়েডের কাছে। এরপর ব্যাট হাতে চেতেশ্বর পূজারা যোগ করতে পারেননি এক রানও।
 
গ্লেন ম্যাক্সওয়েলের ছোড়া বলে রান আউট হয়ে ফিরে যান তিনি রানের খাতা খোলার আগেই। তবে এরপর আর কোনও উইকেট হারাতে হয়নি ভারতকে। রাহুল একাই দলকে টেনে নিয়ে যান জয়ের দুয়ারে। তার করা ৭৬ বলের হাফ সেঞ্চুরিতে ম্যাচ ও সিরিজ জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। রাহুলকে বেশ ভালোভাবেই সঙ্গ দিয়েছেন অজিঙ্কা রাহানে। অপরাজিত ৩৮ রানের একটি মূল্যবান ইনিংস খেলেছেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক।
 
 
প্রথম ইনিংসে ভারত মাত্র ৩২ রানের লিড নেওয়ার পরে বোঝা যাচ্ছিলো ম্যাচ অনেকটাই অস্ট্রেলিয়ার হাতে। কিন্তু সেই ৩২ রানই  শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠে এই টেস্টে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৭ রানেই গুটিয়ে যায় স্টিভেন স্মিথরা।   
 
প্রথম ইনিংসে অসিদের ৩০০ রানের জবাবে জাদেজার দৃঢ়তায় ৩৩২ রানে অলআউট হয় বিরাট কোহলি বিহীন ভারত। ৭ম উইকেটে ঋদ্ধিমান সাহা (৩০) এবং রবিন্দ্র জাদেজা (৬৩) গড়েন ৯৬ রানের জুটি। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান ছিল রাহুলের। ভারতের প্রথম ইনিংসের অপর হাফ সেঞ্চুরিয়ান হলেন চেতেশ্বর পূজারা (৫৭)। স্পিনার নাথান লায়ন ৩৪.১ ওভার বল করে পাঁচ মেডেনসহ ৯২ রানে তুলে নেন পাঁচ উইকেট। এছাড়া তিন উইকেট নিয়েছেন কামিন্স।
 
 
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অসিরা ১০ রানেই ওপেনার ডেভিড ওয়ার্নারের (৮) উইকেট হারায়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়েড। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ এদিন ১৮ রান করে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণির শিকার হন। তিনটি করে উইকেট পেয়েছেন অশ্বিন, জাদেজা ও উমেশ যাদব।
 
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রবীন্দ্র জাদেজা। ম্যান অব দ্য সিরিজের পুরস্কার উঠেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের হাতে। ইএসপিন ক্রিকইনফো।
 
ইত্তেফাক/রেজা