মানিকগঞ্জ সদরের গিলন্ড গ্রামে শাশুড়িকে হত্যার দায়ে জামাতা রোমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অপর পলাতক আসামি পলাশকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান রোমানের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রোমান মানিকগঞ্জ পৌরসভাধীন বেউথা গ্রামের শরীফ মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৯এপ্রিল রাতে শ্বশুর বাড়িতে রোমান স্ত্রী উর্মি আক্তারের সঙ্গে ঝগড়া ও বাকবিতণ্ডা হয়। এসময় রোমানের শাশুড়ি নাজমা বেগম প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করে। এতে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল রাতে শাশুড়ি মারা যান। ওই দিনই নাজমা বেগমের স্বামী আবুল কালাম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় রোমান ও তার বন্ধু পলাশসহ ৫জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট আবদুস সালাম, অতিরিক্ত পিপি মথুরনাথ সরকার ও আসামিপক্ষে অ্যাডভোকেট খলিলুর রহমান মামলাটি পরিচালনা করেন।
