কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১০:৫৬
কুষ্টিয়ার মিরপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম আরিফ (৩৮) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান কালিগাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। 
 
পুলিশের দাবি, রফিক ডাকাত দলের সক্রিয় সদস্য। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালিগাড়া ব্রিজের কাছে একদল ডাকাত গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট ধরে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলেও রফিককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি, ১ রাউন্ড গুলি, দু’টি হাঁসুয়া ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। 
 
বুধবার সকালে লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আরিফুল ইসলাম আরিফ রাজবাড়ী জেলার মাছপাড়া গ্রামের আজিজ শেখের ছেলে। তার বিরুদ্ধে কুষ্টিয়া ও রাজবাড়ী থানায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।