পরিণীতির গান শুনে সবাই দিলেন ঘুম !

আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৭:২২
বোন প্রিয়াঙ্কা চোপড়ার দেখানো পথে হেটে অভিনয়ের পাশাপাশি গানেও কণ্ঠ দিয়েছেন বলিউডের উঠতি নায়িকা পরিণীতি চোপড়া। পরীর পরবর্তী ছবি ‘মেরি পেয়ারি বিন্দু’ তে ‘মানা কে হাম ইয়ার নহি’ শিরোনামের গানটি গেয়েছেন তিনি। কাওসর মুনিরের লেখা গানে সুর দিয়েছেন শচীন-জিগর।
 
গানটি নিয়ে পরীণতি ভীষণ উচ্ছ্বসিত। যাকেই হাতের কাছে পান ধরে ধরে গান শোনান। তো এই পরীর পাল্লায় এবার পড়তে হয়েছে ‘গোলমাল-৪’ টিমকে। মঙ্গলবার গোলমাল টিমের সহ শিল্পী-কলা কুশলী ও অভিনেতাদের ১০ বার জোর করে নিজের গান শুনিয়েছেন পরী। তাই তো বাধ্য হয়ে সকলেই গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন।
 
গোলমাল-৪ এর অভিনেতা অজয় দেবগন নিজেই একথা জানিয়েছেন টুইটারে। একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, আজকের দিনে ১০ বারের মত গানটি শুনতে হল। তবুও ভালো লাগছে, দারুণ কাজ করেছে পরিনীতি।
 
 
ছবিতে দেখা যায় গোলমাল-৪ এর পরিচালক রোহিত শেঠি, অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপারে, তুষার কাপুর, কুনাল খেমু সবাই গলাগলি করে তন্দ্রাচ্ছন্ন। অন্যদিকে পরিণীতির সেদিকে কোন ভ্রুক্ষেপই নেই।
 
এর আগে বলিউডে আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামী ১২ মে মুক্তি পাবে ছবিটি। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/রেজা