আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সুনামগঞ্জে উপ-নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জনগণের দেয়া রায় আমরা মেনে নেব। আগামী জাতীয় সংসদ নির্বাচনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যারা ট্রেন মিস করবে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। রাজনৈতিকভাবে তাদের দল অস্তিত্বের সংকটে পড়বে। কারণ নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন। গতকাল বৃহস্পতিবার কাজীপুরে এক সমবায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। পরে তিনি কাজীপুরে জেলা শিল্পকলা আয়োজিত তিন দিনব্যাপী শহীদ এম মনসুর আলী সাংস্কৃতিক উত্সবের উদ্বোধন করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালে নির্বাচনে মিস করেছেন, শেষ সুযোগ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসুন, মাঠে লড়াই হবে। সমবায়ীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার দক্ষিণ এশিয়ার রোল মডেল। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে সময় দিতে হবে। তবেই দেশের আর্থ সামজিক ও বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
পদ্মা সেতুর চক্রান্তকারীরা মিথ্যাবাদী তা প্রমাণিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিসহ বিশ্বব্যাংকের মুখ চেনা চক্রান্তকারীদের মুখোশ আদালতের রায়ে উন্মোচিত হয়েছে। বিএনপিসহ সুশীল সমাজ নামধারী কতিপয় ব্যক্তির চক্রান্তের কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ আজ বাস্তবে রূপ নিয়েছে।
কাজীপুর বিআরডিবি অফিস চত্বরে অনুষ্ঠিত এ সমবায়ী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নুর মো. শামসুজ্জামান। আরো বক্তব্য দেন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পল্লী উন্নয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিপ্লব মাহমুদ উজ্জল, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, আয়োজক সংস্থা ইউসিএ’র চেয়ারম্যান মো. মোকতাল হোসেন প্রমুখ।
ইত্তেফাক/নূহু
