প্রতিবেশী উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি ঠেকাতে সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনার পথে হাঁটছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি তার দীর্ঘমেয়াদী শান্তিকামী দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে নতুন প্রস্তাবনা হাতে নিয়েছে।
জাপানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে প্রস্তাব করা হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় দেশটিও তার ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রম জোরদার করতে যাচ্ছে। এমনকি শত্রু ঘাঁটিতে পাল্টা হামলার সক্ষমতা বাড়াতে যুদ্ধোত্তর সংবিধানকে ঢেলে সাজানোরও চিন্তা করছে তারা।
সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইতসোনোরি ওনোদেরা ও এলডিপির নিরাপত্তা বিষয়ক গবেষণা কমিশনের চেয়ারম্যান হিরোশি ইমাজু যৌথভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার উপর একটি প্রস্তাবনা দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে হস্তান্তর করেছেন।
IMG0
সামরিক শক্তি বৃদ্ধির প্রস্তাবনা প্যানেলের নেতৃত্ব দানকারী ওনোদেরা সংবাদমাধ্যমকে জানান, বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে জাপানের চলমান সামরিক ব্যবস্থা খুব একটা সক্ষম নয়। এছাড়া দেশটির উদ্দেশ্যে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে তার বিরুদ্ধে তাৎক্ষনিক প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।
IMG1
এর আগে, এই মাসের শুরুতে উত্তর কোরিয়া পরপর চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যার তিনটিই জাপান সাগরের দুইশ নটিক্যাল মাইলের মধ্যে গিয়ে আঁচড়ে পড়ে। ফলে ভবিষ্যতে পিয়ংইংয়ের আরো এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্ভাবনায় খুবই উদ্বেগে রয়েছে দেশটি। সিএনএন।
