ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, ‘শেখ হাসিনার সরকার বোমাবাজ, খুন ও জঙ্গিদের কখনও প্রশ্রয় দেয় না। এগুলো সরকারের উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ’ এ অপশক্তিকে প্রতিহত করতে তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার সারাদেশে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি ভূমি সেবার মান বাড়াতে ভূমি অফিস সংশ্লিষ্টদের আন্তরিক থাকার আহ্বান জানিয়েছেন।
সেবা প্রদান ও সেবা গ্রহণে অস্বস্তিকর বিষয় হচ্ছে দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন, ভূমি সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতার মধ্যে সেতু বন্ধন তৈরিতে সংশ্লিষ্টদের আন্তরিক থাকতে হবে।
সকালে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের নেতৃত্বে ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভূক্ত দপ্তর এবং বিভাগীয় কমিশনার ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারিরা ভূমি সেবা সপ্তাহ র্যালিতে অংশ নেন।
র্যালিটি আরপিএটিসি, ইস্কাটন হয়ে বিয়াম ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়। ভূমিমন্ত্রী বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঢাকা জেলা প্রশাসক সালাহউদ্দীন ও ঢাকা বিভাগের এসিল্যান্ডদের পক্ষে মিরপুর ভূমি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার বক্তব্য রাখেন।
মামলা মোকদ্দমা অনেক সময় ভূমি সেবা প্রদানে ব্যাঘাত সৃষ্টি করছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন ও ডিজিটালাইজেশন পুরোপুরি বাস্তবায়ন করা গেলে ভূমি সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকার প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গঠনে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
-বাসস
