লেখক এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, পরীক্ষার প্রশ্ন ফাঁস এক প্রকারের ভয়ঙ্কর দুর্নীতি। ছাত্র-ছাত্রীদের এই দুর্নীতি যাতে স্পর্শ না করে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সৎ পথে থাকলে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু অসৎ পথে থাকলে কেঁচো, ইঁদুরের মতো মাথা গুজে থাকতে হবে।
আজ শনিবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের শেষ দিনে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত বিতর্ক, কার্টুন, রচনা ও পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
অধ্যাপক ড.মুহম্মদ জাফর ইকবাল বলেন, পৃথিবীর অনেক দেশেই জেলখানা তুলে দেয়া হচ্ছে। কারণ অপরাধী পাওয়া যাচ্ছে না। আমাদের দেশেও একদিন জেলখানা থাকবে না। কেউ অপরাধ করবে না।
তিনি বলেন, বর্তমান দুর্নীতি দমন কমিশন অপরাধীদের ধরে যেমন জেলখানায় ঢুকাচ্ছে, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম যাতে অপরাধে জড়িয়ে না পড়ে সে বিষয়েও কাজ করছে।
তিনি বলেন, যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই দেশে ভবিষ্যতে অবশ্যই কোনো দুর্নীতি থাকবে না।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আমার সবাই যদি দুর্নীতির বিরুদ্ধে জাগি, তা হলে জাতি অবশ্যই দুর্নীতিমুক্ত হবে।
তিনি বলেন, আমাদের সম্পদ হলো- আগামী প্রজন্ম, তাই আমরা তাদের নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচিতে তাদেরকে সম্পৃক্ত করছি। এরাই হবে আমাদের ভবিষ্যৎ জনসম্পদ, কিন্ত প্রশ্নফাঁসের পরীক্ষা তাদেরকে জন আপদে পরিণত করতে পারে।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন এ প্রতিযোগিতার আয়োজন করে। গত রবিবার থেকে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ শুরু হয়ে আজ শনিবার তা শেষ হয়। অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সভাপতিত্ব করেন। -বাসস
ইত্তেফাক/কাউছার
