প্লানেট ৫০-৫০ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ : স্পিকার

আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৯:০৬
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের প্লানেট ৫০-৫০ বাস্তবায়ন প্রতিশ্রুতির অংশ হিসাবে জেন্ডার সমতার জন্য বাংলাদেশ ব্যাপক প্রচারণা চালাচ্ছে। তিনি আজ শনিবার অনুষ্ঠিত ১৩৬ তম ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের নারী পার্লামেন্টারিয়ান ফোরামের ২৫ তম অধিবেশনের উদ্বোধনকালে এ কথা বলেন। 
 
স্পিকার শারমিন বলেন, নারীরা সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করায় লিঙ্গ সমতায় আমরা অনেক এগিয়েছি। তৃণমূল পযার্য়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী এলাকায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নারীদের জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নিদের্শনায় সরকার ৫০-৫০ প্লানেট বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
 
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, তালাকপ্রাপ্ত ভাতা, বয়স্ক ভাতা অতি দরিদ্র মহিলাদের জন্য বিশেষ খাদ্য কর্মসূচিসহ নারীদের জন্য বিভিন্ন ধরনের ভাতা চালু করেছে। নারীরকে এখনো বেতন বৈষম্য, সহিংসতার মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলেও তারা সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে। ফলে নারীরা উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখছে।
 
শারমিন চৌধুরী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন। তিনি কমনওয়েলথ পালামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী চেয়ারপার্সন এবং ১৩৬তম আইপিইউ এসেম্বলির সভাপতি।