পেশাদার খুনি জায়েব ভালোবেসে বিয়ে করে তুশিকে। বেশ হেসে খেলেই যাচ্ছিলো তাদের ছোট্ট সংসার। পুরো পৃথিবীর কাছে জায়েব খুনি হলেও তুশির কাছে জায়েব দুনিয়ার সবচেয়ে ভাল মানুষ। তবে এরপরই ঘটনায় মোড় নেয়।
আর এই কাহিনী থেকেই নির্মাণ করা হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘না’। গানটিতে কণ্ঠ দিয়েছেন রনি। গত ৩১ মার্চ ইউটিউবে প্রকাশিত হয়েছে। রনির গায়কীতে গানটি প্রকাশের পর সাড়াও মিলেছে আশানুরুপ।
না’তে বলা হয়েছে, ভালোবাসা চিরন্তন। শত প্রতিকূলতার মাঝেও বেঁচে থাকে ভালোবাসা। প্রেমের পথে ষড়যন্ত্র, হিংসা, সহিংসতা বা রক্ত কাম্য নয়, তবে এসব ঘটতে পারে। কিছু ভালোবাসা মাঝপথে থেমে যায়, তারপর হয়ে ওঠে ইতিহাস।
IMG0
সিএমভির প্রযোজনায় ভাইকিংস ব্যান্ডের সেতু চৌধুরীর কথা, সুর ও সঙ্গীতে এবং মুস্তাফি শিমুলের পরিচালনায় মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে।
ভিডিওতে অভিনয় করেছেন ইফতেখার জায়েব ও আইসক্রিম সিনেমায় অভিনয় করে আলোচনায় আসা অভিনেত্রী নাজিফা তুশি। গানটি এসেছে প্রেক্ষাগৃহ প্রোডাকশন হাউজের ব্যানারে।
তবে গানটির অসাধারণ চিত্র-ধারণের কাজটি করেছেন তরুণ নির্মাতা বিশ্বজিৎ দত্ত। কাজ নিয়ে ইত্তেফাক অনলাইনকে তিনি বলেন, ‘আমি আমার ঘরানার কাজ করতে ভালবাসি। নতুন এ কাজটিও সেরকম করে করেছি। আশা করছি সবার ভাল লাগবে।’
ইত্তেফাক/আনিসুর
