‘বর্তমান কমিশনের অধীনে সব নির্বাচন সুষ্ঠু হবে’

আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৮:০৩
নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এই নির্বাচন কমিশনের অধীনে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনসহ কয়েকটি নির্বাচন যা উদাহরণ সৃষ্টি করে নির্বাচন কমিশন আস্থা অর্জন করেছে। 
 
সোমবার সকাল ১১টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসহাক আলী বিশ্বাস, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) অশোক কুমার চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রবিউল আলম, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, রওশন আরা ডলি প্রমুখ। পরে প্রকৌশলী সাইফুল ইসলামের সভাপতিত্বে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।