বাপ-দাদার ভিটে-মাটি রক্ষায় জীবন দিবে তবু এক ইঞ্চি জমি দিবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কেরানীগঞ্জের কয়েক হাজার মানুষ। তারা গতকাল সোমবার এক মানববন্ধন কর্মসূচিতে এই দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
কেরানীগঞ্জে ১৬টি মৌজার জমি রাজউকের মাধ্যমে অধিগ্রহণ সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছেন কয়েক হাজার জমির মালিক। তারানগর, কলাতিয়া ও সাভার থানার ভার্কুতা ইউনিয়ন থেকে নারী-পুরুষ মিছিল নিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক বলেন, কেরানীগঞ্জ ও সাভার উপজেলার ১৬টি মৌজার ১০ সহস্রাধিক বসতবাড়ি রয়েছে। এখানে গড়ে উঠেছে ছোট ছোট হাউজিং কোম্পানি। রাজউক কেরানীগঞ্জ মডেল টাউন নামে আবাসিক প্রকল্প তৈরির উদ্যোগ নিলে ১৬টি মৌজার মানুষ ক্ষুব্ধ হয়ে উঠে। এখানে লাখ লাখ মানুষকে উচ্ছেদ করে মন্ত্রী এমপিদের অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়ার জন্য ৮ হাজার প্লট তৈরি করা হবে। রাজউক অত্যন্ত গোপনে এই উদ্যোগ বাস্তবায়নে প্রক্রিয়া শুরু করলেও এলাকার মানুষ পত্রিকার মাধ্যমে এই খবর প্রকাশ হলে জমির মালিকরা ক্ষোভে ফেটে পড়েন।
ভার্কুতা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, তারানগর এলাকার মানুষ খুবই অবহেলিত। বেশিরভাগ মানুষ কৃষক। বসিলা সেতু হবার পর জমির দাম বেড়েছে। এখন এসব জমি রাজউক নিলে তারা খুবই ক্ষমিগ্রস্ত হবে। জমি ও বসতবাড়ির মালিকরা অধিগ্রহণের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছেন।
ইত্তেফাক/নূহু
