বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের আজ ১২তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯২৯ সালের ৭ অক্টোবর টাঙ্গাইল জেলার কাতুলি গ্রামে জন্মগ্রহণ করেন। টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৪৪ সালে ম্যাট্রিকুলেশন, করটিয়া সা’দত কলেজ থেকে ১৯৪৬ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫০ সালে বি.কম (সম্মান) এবং ১৯৫১ সালে এম.কম ডিগ্রি লাভ করেন।
আবদুল মান্নান ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে টাঙ্গাইল মহকুমা আওয়ামী লীগের সভাপতি, ১৯৬৯ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং নিখিল পাকিস্তান আওয়ামী লীগের প্রচার সম্পাদক নির্বাচিত হন। তিনি একাধিকবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭২ সালে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের দ্বিতীয় মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক ‘জয়বাংলা’ পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন। ২০০৫ সালের ৪ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
ইত্তেফাক/নূহু
