তাড়াশে চাঁদাবাজি ও নির্যাতন বন্ধে অটোভ্যান শ্রমিকরা এক প্রতিবাদ মিছিল বের করেন। মঙ্গলবার উপজেলার বিনসাড়া বাজার থেকে শতাধিক ভ্যান শ্রমিক অটোভ্যান মিছিল নিয়ে সদরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা চাঁদাবাজি ও নির্যাতন বন্ধে স্লোগান দিতে থাকেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে নাম মাত্র সংগঠন দেখিয়ে গুটিকয়েক প্রভাবশালী ব্যক্তি এলাকাভিত্তিক যানবাহন চলাচলের জনগুরুত্বপূর্ণ বিশেষ স্থানগুলোতে অটোভ্যান চালকদের কাছ থেকে রশিদ দিয়ে চাঁদা তুলে আসছে। এর মধ্যে উপজেলার পশ্চিম ওয়াপদা বাঁধ, রাণী হাট বাজার, তাড়াশ পোষ্ট অফিস মোড়, মহিষলুটি ভ্যান গ্যারেজ, বারুহাস বাজার, তাড়াশ বাসস্ট্যান্ড উল্লেখযোগ্য।
শ্রমিকরা জানান, ভ্যান শ্রমিকরা বছরের পর বছর ধরে চাপের মুখে যত্রতত্র চাঁদা দিয়ে আসছে। এরপরেও মাঝে মধ্যেই নির্যাতনের শিকার হচ্ছেন তারা। মাঝে মধ্যে জনসম্মুখে গাড়ি থেকে টেনে নামিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। ঘটছে মারধরের ঘটনা।
এ প্রসঙ্গে তাড়াশ থানার মো. মনজুর রহমান বলেন, উপজেলার কোনো স্থানে ভ্যান শ্রমিক সংগঠন বা অন্য যে কোনো সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা যাবে না। ইতোমধ্যেই সকল শ্রমিককে এসব অবৈধ চাঁদা প্রদান থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ইত্তেফাক/মণ্ডল
