অক্ষয়ের সিনেমাকে ডোবাতে ৩০ লাখ টাকা ঘুষ দিতে চেয়েছেন শাহরুখ!

আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৬:২০
শাহরুখ খান ও অক্ষয় কুমারের মধ্যে উষ্ণ সম্পর্ক না থাকলেও বৈরিতার কথাও কখনো শোনা যায় না। কিন্তু সেই অক্ষয়ের ছবিকে ডোবতে নাকি ৩০ লাখ টাকা ঘুষ দিতে চেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর এই কথা বলেছেন বলিউডের বিতর্কিত চরিত্র ও ভোজপুরী অভিনেতা কমল আর খান। 
 
নিজের টুইটারে কেআরকে দাবি করেছেন, শাহরুখ তাঁকে ফোন করে ৩০ লক্ষ টাকা দিতে চেয়েছেন অক্ষয় কুমারের ‘টয়লেট এক প্রেমকথা’ ছবিটিকে ডোবানোর জন্য। তবে তিনি শাহরুখের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
 
১ এপ্রিল সকালে করা কেআরকের এই টুইটের পর শয়ে শয়ে টুইট আসতে থাকে। অনেকেই কমল আর খানকে নিয়ে বিদ্রূপ করতে থাকেন। কেউ আবার গালিগালাজও দেন। মোদ্দা কথা, দিনটি ১ এপ্রিল হওয়ায় গত বারের মতো এ বার কেআরকের টুইটকে সে ভাবে গুরুত্ব দিতে চাননি। বেশির ভাগ মানুষই এই টুইটকে ‘এপ্রিল ফুল’-এর ঠাট্টা বলে ধরে নেন।
 
কেআরকের এই টুইট কতটা সত্যি তা জানা যায়নি, কারণ এই টুইট সম্পর্কে শাহরুখ খান বা অক্ষয় কুমারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর যদি এই টুইট ‘১ এপ্রিল স্পেশাল’ হয়ে থাকে তাহলে তা যে এ ভাবে বুমেরাং হবে সেটা বোধহয় একেবারেই ভাবেননি স্বঘোষিত ফিল্ম সমালোচক কমল আর খান। কারণ, এই টুইটের পরই গালিগালাজ আর বিদ্রূপে ভরে যায় তাঁর টুইটার পেজ।
 
 
অবশ্য মাসখানেক আগে বলিউডে বড়সড় বিতর্ক ছড়িয়েছিল কেআরকের আরেকটি মন্তব্য। একটি ফোনের ভয়েস রের্কডিং সোশ্যাল মিডিয়ায় ‘ফাঁস’ করে দেন অভিনেতা অজয় দেবগণ। 
 
সেই রেকর্ডিংয়ে শোনা যায়, স্বঘোষিত ফিল্ম সমালোচক কমল আর খান ও অজয় দেবগণের বিজনেস অ্যাসোসিয়েট, প্রযোজক কুমার মঙ্গত পাঠকের কথোপকথন। এই কথোপকথন চলাকালীন কেআরকে দাবি করেন, কর্ণ জোহর তাঁকে ২৫ লক্ষ টাকা দিয়েছেন ‘শিবায়’ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার জন্য। এই কল রের্কডিং ‘ফাঁস’ হওয়ার পর কাজল নিজের টুইটার হ্যান্ডেলে শুধু একটি মাত্র শব্দ লিখেছিলেন, ‘শক্‌ড’। তার পর জল অনেক দূর গড়িয়েছিল। আনন্দবাজার।
 
ইত্তেফাক/রেজা