জলবায়ু পরিবর্তনে জর্ডান-বাংলাদেশ সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৬:৪২
বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও কিংডম অব জর্ডানের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে জলবায়ু পরিবর্তনে পারস্পরিক সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
 
সোমবার ৩ এপ্রিল জর্ডানের রাজধানী আমানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আজ মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিঞ্জপ্তিতে এই স্মারক স্বাক্ষরের কথা বলা হয়।
 
এতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও জর্ডানের পরিবেশ মন্ত্রী ড. ইয়াসিন এম খায়াত নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় স্থানীয় সরকার সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।
 
স্মারকের উল্লেখযোগ্য দিকগুলো হলো- ‘ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করে এ সংক্রান্ত অভিযোজনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাস্তুসংস্থান, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনজনিত ভবিষ্যত ক্ষতির হাত থেকে উভয় দেশের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করার জন্য জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়’।
 
এছাড়াও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার নীতিসমূহের সাথে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও জনগণের জীবনমান উন্নয়নকে - এ স্মারকে গুরুত্ব প্রদান করা হয়েছে।