মহাকাব্য রামায়ণ রচয়িতা ঋষি বাল্মীকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্তকে মঙ্গলবার মুম্বাইয়ের বাসা থেকে আটক করেছে পঞ্জাব পুলিশ। এএনআই পত্রিকার বরাত দিয়ে মঙ্গলবার বিকেলে বেশকয়েকটি ভারতীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে।
জানাগেছে, গত বছর একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে ঋষি বাল্মীকিকে `খুনী’ হিসেবে মন্তব্য করেছিলেন তিনি। এরপরই বাল্মীকি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে রাখির বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়। নারিন্দের আধিয়া কর্তৃক দায়ের করা ওই অভিযোগপত্রে বলা আছে, ‘এ সব মন্তব্য করে বিরাট সংখ্যক অনুরাগীর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন রাখি।’ অভিযোগের ভিত্তিতে গত ৯ মার্চ শুনানি থাকলেও আদালতে অনুপস্থিত ছিলেন রাখি। তাই ওইদিনই রাখির বিরুদ্ধে আজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আদালতের নির্দেশ পেয়ে গতকালই লুধিয়ানা পুলিশের দুই সদস্যের একটি দল গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছিলেন। পরবর্তী শুনানি আগামী ১০ এপ্রিল।
তবে ইন্ডিয়ান এক্সপ্রেসেরে এক প্রতিবেদনে রাখি সাওয়ান্তকে আটকের খবর অস্বীকার করেছে পাঞ্জাব পুলিশ। পত্রিকারটির প্রতিবেদনে লুধিয়ানার ডিসিপি ধ্রুমান নিম্বালের বরাত দিয়ে বলা হয়, মুম্বাইয়ে লুধিয়ানার পুলিশ কর্তৃক রাখি সাওয়ান্তকে আটকের কোন ঘটনা ঘটেনি। চারসদস্যের একটি প্রতিনিধি দলকে পাঠানো হয়েছিল যারা বুধবার সকালের মধ্যে ফিরে আসছে এবং এখন তারা ট্রেনে।
এদিকে ইন্ডিয়াটাইমসের এক খবরে জানানো হয়েছে যে, বাল্মীকিকে নিয়ে তার বিতর্কিত মন্তব্যের জন্য গতবছরই ক্ষমা চেয়েছিলেন ৩৬ বছর বয়সী বিতর্কিত এই নায়িকা।
রাখি সাওয়ান্ত এখন কোথায় পুরোটাই ধোঁয়াশা। দেখা যাক এই বিতর্ক কোথায় গিয়ে থামে।
ইত্তেফাক/রেজা
