লাভ রানস ব্লাইন্ড। এলআরবি। দীর্ঘ ২৬ বছর ধরে বাংলা সংগীতাঙ্গনে দাপটের সাথে টিকে থাকা একটি ব্যান্ডের নাম। বিশ্বজুড়ে অগণিত ভক্তে কাছে এলআরবি শুধু একটা নাম নয়, এলআরবি একটা ইতিহাস। ১৯৯১ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চুর নেতৃত্বে গঠিত হয়েছিল বাংলা ভাষার পুরোধা এই ব্যান্ডটি। সেই থেকে শুরু। ২৬ পেরিয়ে ২৭ এ পা দিল জনপ্রিয় এই ব্যান্ডটি।
এ প্রসঙ্গে এলআরবি ভোকাল আইয়ুব বাচ্চু সাংবাদিকদের বলেন, অনেক শ্রম, প্রতিবন্ধকতা আর কাঠখড় পুড়িয়ে এই ২৬ বছর পার করেছি। তবে, মানুষের ভালোবাসার কাছে এ সবই তুচ্ছ। গানপাগল মানুষের অকৃত্রিম ভালোবাসার কাছে আমাদের সব কষ্টই সামান্য। আমরা মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আরও মিনিমাম ২৬ বছর পার করতে চাই। আর চাই, আমাদের গান যেন যুগ যুগ থেকে যায়।
তিনি সবার উদ্দেশে বললেন, শেখার কোনও শেষ নেই, অধ্যবসায় আর অনুশীলন আপনাকে সাফল্য এনে দেবে। সাফল্যর কোনও 'এলিভেটেড ওয়ে' নেই, শ্রমের সিঁড়ি বেয়ে উঠলেই সাফল্য ধরা দেবে। আমাদের এই ২৬ বছরের পথচলাও খুব সহজ ছিল না। তবে, আমাদের সঙ্গে মানুষের ভালোবাসা ছিল, তাই আমাদের পথচলা অনেক সহজ হয়েছে।
সব শেষে সকল ভক্ত, অনুরাগী, শ্রোতা ও যারা এলআরবি-কে ভালোবাসেন তাদের সবার প্রতি এলআরবি'র পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান আইয়ুব বাচ্চু।
জন্মদিনের উদযাপন কেমন হবে জানতে চাইলে দেশবরেণ্য এই গিটারিস্ট বলেন, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেলিব্রেশন। কেক কাটা, আড্ডা, ছবি তোলা, ভক্তদের সঙ্গে সময় কাটানো- এসব চলবে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এরপর আমরা তৈরি হব আজকের শো'র জন্য। আজ জন্মদিন উপলক্ষে বুয়েটে আমাদের শো আছে। শো-টি শুরু হবে রাত ৮টায়।
ইত্তেফাক/রেজা
