মুজিবনগরের দুই উপজেলা চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৭:২৯
মেহেরপুর মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসেনকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের করা আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। 
 
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহম্মাদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  বুধবার এ আদেশ দেন। 
 
একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ আদেশের ফলে তাদের দায়িত্ব পালনে আর কোনো বাধা রইলো না। তাদের আইনজীবী নিতাই রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
আদালতে ফৌজদারী মামলার অভিযোগ গৃহীত হওয়ায় গত ২ এপ্রিল তাদের বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ আদেশের বিরুদ্ধে মঙ্গলবার হাইকোর্টে রিট করেন এই দুই জনপ্রতিনিধি। পরে আদালত থেকে বেরিয়ে উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন। 
 
 
ইত্তেফাক/ইউবি